পুবের কলম, ওয়েবডেস্ক: আগস্ট নয়, এপ্রিল থেকেই রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য চালু হচ্ছে ‘যুবসাথী’ প্রকল্প। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী ১ এপ্রিল থেকে রাজ্যের যোগ্য বেকাররা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। দিন কয়েক আগে অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তখন জানানো হয়েছিল, আগস্ট মাস থেকে যুবসাথী চালু হবে। তবে সেই সিদ্ধান্তে পরিবর্তন এনে সময়সীমা এগিয়ে এনে এপ্রিল থেকেই প্রকল্প কার্যকর করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।
কারা পাবেন যুবসাথীর সুবিধা?
মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় আসতে হলে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। মাধ্যমিক পাশের পর যাঁরা বর্তমানে বেকার, তাঁরাই এই ভাতা পাওয়ার যোগ্য। কোনও স্কলারশিপ পেয়ে থাকলে তাতে সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধাভোগী হলে যুবসাথীর টাকা মিলবে না। প্রাথমিকভাবে ৫ বছর ধরে প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে। ৫ বছর পরেও কেউ বেকার থাকলে, সেক্ষেত্রে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
যুবসাথী প্রকল্পে আবেদন নেওয়ার জন্য ‘দুয়ারে সরকার’ ধাঁচে বিধানসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
১৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্প। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত থাকবেন। সেখানেই প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করা যাবে এবং সঙ্গে সঙ্গে রসিদ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সমস্ত খুঁটিনাটি জানতে পারেন।





































