২০২৭ সালের জনগণনার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণনার প্রথম পর্ব চলতি বছরের ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই ধাপে বাড়ির তালিকা ও গৃহগণনার কাজ সম্পন্ন হবে।
কেন্দ্র জানায়, এবারের জনগণনা হবে দুটি ধাপে—প্রথমে হাউসিং এনলিস্টিং, পরে পপুলেশন এনুমারেশন। এটি হবে ভারতের ১৬তম জনগণনা এবং স্বাধীনতার পর অষ্টম। এই প্রথম সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে।
দ্বিতীয় ধাপে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে, যা শুরু হতে পারে ২০২৭ সালের এপ্রিল মাসে। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম পর্বে প্রতিটি রাজ্যে ৩০ দিনের জন্য তথ্য সংগ্রহ চলবে, যার সময়সূচি রাজ্য প্রশাসন নির্ধারণ করবে। ভোটের রাজ্যগুলিতে প্রয়োজনে নির্বাচনের পর এই কাজ করা যেতে পারে।





























