পুবের কলম, ওয়েবডেস্ক: মুহাম্মদ আখলাক লিঞ্চিং মামলায় শুনানি পিছিয়ে গেল। বৃহস্পতিবার গ্রেটার নয়ডার একটি আদালত পরবর্তী শুনানির তারিখ হিসেবে ২৩ জানুয়ারি নির্ধারণ করেছে। আদালতকে জানানো হয়েছে যে, অভিযুক্তরা মামলাটি অন্য আদালতে স্থানান্তরের আবেদন জানিয়ে জেলা জজের কাছে আবেদন করেছেন।
আখলাকের পরিবারের আইনজীবী ইউসুফ সাইফি জানান, অভিযুক্তরা সুরাজপুর আদালতের ২৩ ডিসেম্বরের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাই কোর্টে একটি রিট আবেদনও দাখিল করেছেন। ওই আদেশে উত্তরপ্রদেশ সরকারের মামলার অভিযোগ প্রত্যাহারের আবেদন খারিজ করা হয়েছিল। অভিযুক্তরা জেলা জজের কাছে মামলাটি স্থানান্তরের আবেদন করার পর, সুরাজপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা জজ সৌরভ দ্বিবেদী মামলার পরবর্তী শুনানির তারিখ ২৩ জানুয়ারি ধার্য করেন বলে সাইফি জানান।
আইনজীবী আরও বলেন, বৃহস্পতিবার ৮ জানুয়ারি আখলাকের স্ত্রী ইকরামান ও ছেলে সারতাজ পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির হন। তবে ইকরামানের বক্তব্য রেকর্ড করা সম্ভব না হওয়ায় আদালত ২৩ জানুয়ারিকে পরবর্তী শুনানির দিন হিসেবে ঠিক করে।
গত বছরের ২৩ ডিসেম্বর আদালত রাজ্য সরকারের অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আবেদন খারিজ করে দেয় এবং মামলাটিকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” হিসেবে চিহ্নিত করে প্রতিদিনের ভিত্তিতে শুনানির নির্দেশ দেয়। প্রসঙ্গত, এর আগে ৬ জানুয়ারির নির্ধারিত শুনানি আখলাকের পরিবারের সদস্যদের অনুপস্থিতির কারণে হতে পারেনি। এরপর ৮ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়। উল্লেখ্য, ২০১৫ সালে দাদরিতে বাড়িতে গোমাংস মজুত রাখার গুজবকে কেন্দ্র করে মোহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।





























