পুবের কলম প্রতিবেদকঃ  স্কুলে নিয়োগ দুর্নীতি, অর্পিতা-পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যু নিয়ে  এবার কলকাতার রাজপথে নামলো অরবিন্দ কেজরিয়ালের দল আম আদমি পার্টি  (আপ)। রবিবার কলকাতার রামলীলা ময়দান থেকে মৌলালি-এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিলে তাঁদের দাবি, রাজ্যের বিভিন্ন দফতরে শূণ্যপদে নিয়োগ করতে হবে।

আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় ইস্যুতে একটি বোঝাপড়া ছিল বলে অনেকে মনে করেন।

তবে ইদানিং কেজরিওয়ালের বেশকিছু কাজ এবং তাঁর দলের দুর্নীতির অভিযোগ সমালোচনার মুখে পড়েছে।

আম আদমি পার্টির পক্ষ থেকে এদিন বলা হয়, স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে  আদালতের বাধা নেই, তাহলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না কেন? তাই রাজ্য  সরকারের কাছে তাঁদের আর্জি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এদিনের মিছিলে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন।