পুবের কলম, ওয়েবডেস্ক: নিট ও দেশের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় লাগাতার প্রশ্নফাঁস এবং দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এবার মহারাষ্ট্রে পা রাখছে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)। আগামী বৃহস্পতিবার, ১১ জুন মহারাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত পুনে শহরে এক বিশাল প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সোমবার সামাজিক মাধ্যম 'এক্স'-এ একটি পোস্টের মাধ্যমে এই কর্মসূচির কথা ঘোষণা করেন দিপকে। তিনি লেখেন, "চলুন, পুনেতে দেখা হচ্ছে!
হেইল মহারাষ্ট্র!"আরও পড়ুন:
এদিকে ককরোচ জনতা পার্টির অফিশিয়াল 'এক্স' হ্যান্ডেল থেকেও পুনের ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য একটি চটকদার আহ্বান জানানো হয়েছে। সেই পোস্টে লেখা হয়, "মহারাষ্ট্রের শিক্ষানগরী পুনেতে এবার আরশোলারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করবে। পুনের কতজন ককরোচ আমাদের সাথে যোগ দিচ্ছেন?
" উল্লেখ্য, গত ৬ জুন দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র ডাকে আয়োজিত প্রথম বড়সড় ছাত্র সমাবেশটি ব্যাপক সাড়া ফেলেছিল। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার পড়ুয়া মুখে আরশোলার মুখোশ পরে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছিলেন। সেই সফল আন্দোলনের রেশ টেনেই এবার পুনে শহরকে বেছে নিল এই যুব সংগঠনটি।আরও পড়ুন:
এর আগে রবিবার এক বিবৃতিতে সিজেপি প্রধান অভিজিৎ দিপকে প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সাথে তাঁদের আন্দোলনের তুলনাকে সম্পূর্ণ নাকচ করে দেন। তিনি স্পষ্ট করে বলেন, "আমাদের এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ পথে চলছে। তাই প্রতিবেশী দেশগুলিতে জেন-জে প্রজন্মের করা আন্দোলনের হিংসাত্মক রূপের সাথে একে কোনোভাবেই তুলনা করা চলে না।"