তামিলনাড়ুতে সরকারি মদের দোকান থেকে বিক্রির একটি অংশ রাজনৈতিক দলের তহবিলে চলে যাওয়ার অভিযোগ ঘিরে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, করদাতাদের অর্থ কোনওভাবেই বেসরকারি বা রাজনৈতিক খাতে না গিয়ে সরকারি কোষাগারেই জমা পড়তে হবে।
সরকারি সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টিএএসএমএসি)-এর মাধ্যমে মদ বিক্রির ক্ষেত্রে একটি অলিখিত ব্যবস্থা চালু ছিল। অভিযোগ, মদের প্রতিটি পেটি থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ রাজনৈতিক দলের তহবিলে জমা পড়ত। এক আধিকারিকের দাবি, প্রতি মাসে প্রায় ১০২ কোটি টাকা এভাবে ‘পার্টি ফান্ডে’ চলে যেত।

মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানানো হলে মুখ্যমন্ত্রী বিজয় নাকি সঙ্গে সঙ্গেই নির্দেশ দেন, এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। তাঁর স্পষ্ট বার্তা ছিল, “স্টপ ইট”।
তামিলনাড়ুতে টিএএসএমএসি-র অধীনে ৪ হাজারেরও বেশি মদের আউটলেট রয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, প্রতি মাসে প্রায় ৮৮ লক্ষ মানুষ এই দোকানগুলি থেকে মদ কেনেন। অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী, বছরে প্রায় ১,৬০০ কোটি টাকারও বেশি অর্থ বেআইনিভাবে রাজনৈতিক তহবিলে চলে গিয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, আগের সরকার আমল থেকেই এই বিষয়টি নিয়ে বিতর্ক ছিল। তাই ক্ষমতায় এসেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন বিজয়। আবগারি দপ্তরের দায়িত্ব পাওয়া কে. বিগনেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছেন। তাঁর নির্দেশ, সরকারি রাজস্বের কোনও অর্থ যাতে অন্য খাতে চলে না যায় এবং মানুষের দেওয়া প্রতিটি টাকা যেন সরকারি কোষাগারেই জমা পড়ে, তা নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে তামিলনাড়ুর প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে এবং সরকারি অর্থের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।