মেসি-সংক্রান্ত বিতর্কে আরও চাপে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে মঙ্গলবার সেই আবেদনে তাৎক্ষণিক স্বস্তি মেলেনি। আদালত জানিয়ে দিয়েছে, মামলার শুনানি হবে নির্ধারিত নিয়ম মেনেই, বিশেষ সুবিধা বা অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়।
বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে বলেন, এ ধরনের মামলাকে আলাদা গুরুত্ব দিয়ে তড়িঘড়ি শুনানি করা যায় না।

পাশাপাশি, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে আইন অনুযায়ী আগাম জামিনের আবেদন করার পরামর্শও দেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ মে মেসির ভারত সফরের আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে টিকিট কালোবাজারি, প্রতারণা, চাঁদাবাজি, নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের মতো একাধিক ধারার উল্লেখ করা হয়েছে।

এই মামলায় এর আগেই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অরূপ বিশ্বাস। সেই আবেদন খারিজ হওয়ার পর তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সেখানেও আপাতত কোনও রক্ষাকবচ না মেলায় তাঁর আইনি সঙ্কট আরও জটিল হল।