পুবের কলম ওয়েবডেস্ক: নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কের পর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করল জাতীয় পরীক্ষণ সংস্থা (এনটিএ)। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় একটি গোপন কেন্দ্রে রাখা হয়েছে।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র প্রণয়ন, সম্পাদনা ও অনুবাদের কাজে যুক্ত প্রশ্নপ্রণেতা, মডারেটর, অনুবাদক এবং অন্যান্য কর্মীদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ-সহ সব ধরনের যোগাযোগের সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
ইন্টারনেট ব্যবহারেরও অনুমতি নেই। বাইরের লোকজনের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই ওই সুরক্ষিত কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুন পরীক্ষার শেষ পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। প্রশ্নপত্র প্রস্তুতির শেষ পর্যায়ে কোনও তথ্য যাতে বাইরে ফাঁস না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। সেই ঘটনার জেরে ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে।
এনটিএ জানিয়েছে, প্রশ্ন তৈরি থেকে অনুবাদ, সম্পাদনা, মুদ্রণ, প্যাকেটবন্দি করা, সংরক্ষণ, পরিবহণ এবং পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া— প্রতিটি ধাপে এবার বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এমনভাবে গোটা প্রক্রিয়াটি ভাগ করা হয়েছে যাতে কোনও এক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে সম্পূর্ণ তথ্য না থাকে।