মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে নতুন করে উত্তেজনা ছড়াল ইরানের দাবি করা এক ক্ষেপণাস্ত্র হামলাকে ঘিরে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটিকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।

আইআরজিসির দাবি, সম্প্রতি দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পেছনে এই ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সেই কারণেই রামাত ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইরানি বাহিনী আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত ছিল মধ্যপ্রাচ্যের সব সংঘাতপূর্ণ এলাকায় তা কার্যকর করা। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে দাবি তেহরানের। তাদের অভিযোগ, লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ইরানের সামুদ্রিক স্বার্থ ও বাণিজ্যিক নৌযানগুলোকেও লক্ষ্য করে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইআরজিসি বলেছে, সাম্প্রতিক হামলা ছিল একটি ‘সতর্কবার্তা’। ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে বা তার মিত্রদের ওপর নতুন হামলা হলে আরও কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
তবে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা আরও বাড়তে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।