রবিবার গভীর রাতে ফের ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের একাধিক জেলা। রাত ১১টা ৬ মিনিট নাগাদ প্রথমে উত্তরবঙ্গের কোচবিহার ও শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়। পরে কলকাতাসহ রাজ্যের আরও কয়েকটি জেলার বাসিন্দারাও মৃদু ভূমিকম্পের ঝাঁকুনি টের পান।
ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। এর উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ ভূটানের পুনাখা অঞ্চল। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

কোচবিহার ও শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারাও কম্পন অনুভব করেন।

কলকাতাতেও বেশ কয়েকটি এলাকায় হালকা ঝাঁকুনি টের পাওয়া যায় বলে খবর।
প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশেও। সেখানকার বহু বাসিন্দাও কম্পন অনুভব করেছেন বলে জানা গিয়েছে। ফলে রাতের এই ভূমিকম্প ঘিরে গোটা অঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।