পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় সোমবার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। কারখানার এসএমএস-২ ইউনিটে তরল ও তপ্ত ধাতুর বালতি আচমকা ভেঙে পড়ায় চারদিকে ফুটন্ত গলিত লোহা ছড়িয়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় ঝলসে গিয়ে ঘটনাস্থলেই অন্তত ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও ৬ জন শ্রমিক গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

সূত্রের খবর, দুর্ঘটনার সময় ওই ইউনিটে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। গলিত তপ্ত লোহা গায়ে ছিটকে আসায় শ্রমিকেরা পালানোর সুযোগটুকুও পাননি। আহত ৬ জন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাস্থল পরিষ্কার করার পাশাপাশি কী কারণে এই বালতিটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "বিশাখাপত্তনম ইস্পাত কারখানার এই দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল।

আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আমি সেই প্রার্থনাই করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সমস্ত রকমের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।"

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম 'এক্স'-এ তিনি লেখেন, "বিশাখাপত্তনম ইস্পাত কারখানার এই দুর্ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছেন শুনে আমি অত্যন্ত ব্যথিত। আমি ইতিমিধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলেছি এবং সমস্ত সরকারি দফতরের সাথে সমন্বয় রেখে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছি।"