পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ দিল্লির মালব্য নগরের হাউজ রানি এলাকার একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই 'ফ্লরিশ স্টে বিঅ্যান্ডবি' (Flourish Stay B&B) নামক ওই হোটেল ভবনের মালিক লবকেশ বাজাজকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অগ্নিকাণ্ডের পর থেকেই লবকেশ ও তাঁর স্ত্রী পলাতক থাকায় পুলিশ তাঁদের বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করেছিল। অবশেষে একটি বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ২১ জনের মধ্যে ১০ জন ভারতীয় নাগরিক, ৯ জন আফ্রিকান নাগরিক এবং ২ জন তুর্কমেনিস্তানের বাসিন্দা।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পাঁচ তলা ওই বহুতল ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আবশ্যিক 'নো-অবজেকশন সার্টিফিকেট' বা এনওসি ছিল না। অত্যন্ত ঘিঞ্জি একটি গলির মধ্যে অবস্থিত এই হোটেলটিতে আপদকালীন কোনো নিকাশি পথ ছিল না; যাতায়াতের জন্য ছিল মাত্র একটিই প্রবেশ ও প্রস্থান পথ। 

এছাড়া ভবনের সমস্ত জানালা পাকাপাকিভাবে সিল করা ছিল এবং মূল দরজাটি ছিল সেন্সর-চালিত। আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বা যান্ত্রিক গোলযোগের কারণে দরজাটি আটকে যায় এবং জানালা বন্ধ থাকায় ভেতরের মানুষ বের হতে পারেননি। এই ত্রুটিগুলির কারণেই উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হয় এবং এত মানুষের দমবন্ধ হয়ে মৃত্যু হয় বলে তদন্তকারীদের ধারণা।