পুবের কলম ওয়েব ডেস্ক: বর্ষার আর বেশি দেরি নেই। তার আগে বর্ষার মরশুমে বন্যা পরিস্থিতি তৈরি হলে তার মোকাবিলা কীভাবে করা হবে? তা নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। এই লক্ষ্যে এবার ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে এগোতে চায় রাজ্য সরকার। শনিবার নিউটাউনে "স্বচ্ছ অ্যাপ"- এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, অতীতের সংঘাত ভুলে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর সঙ্গে আলোচনা করেই আগামী দিনের পরিকল্পনা নেওয়া হবে।
আরও পড়ুন:
এর আগে বর্ষার সময় রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে বারবার ডিভিসির দিকে আঙুল তুলেছিল তৃণমূলের সরকার।
এমনকি রাজ্যে একাধিবার বন্যাকে "ম্যান মেড" বলেও অভিযোগ তোলা হয়েছিল। এ নিয়ে তৎকালীন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, বর্ষা এলেই ডিভিসিকে ঘিরে যে বিতর্ক তৈরি হতো, তা এখন অতীত। তাঁর বক্তব্য, আগের সরকারের সময়ে ডিভিসিকে দায়ী করা হতো। সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল তা প্রমাণিত। এখন রাজ্য এবং ডিভিসি যৌথভাবে সমন্বয় রেখে কাজ করবে।মুখ্যমন্ত্রী জানান, বর্ষা সামনে রেখে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। সেচ দফতর, ডিভিসি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলিকে নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে প্রস্তুত রাজ্য সরকার।আরও পড়ুন:
উল্লেখ্য, প্রতিবছর বর্ষায় অতিবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা। দামোদর, রূপনারায়ণ ও কংসাবতী নদীর প্লাবনের কারণে এই জেলাগুলি বন্যাপ্রবণ। এছাড়াও, উত্তরবঙ্গের তিস্তা, তোর্ষা ও মহানন্দা নদীর কারণে, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা জেলাগুলিতে প্রতিবছর বন্যা হয়ে থাকে।
মূলত ভারী বৃষ্টিপাত এবং প্রতিবেশী রাজ্য যেমন ঝাড়খণ্ড থেকে জল ছাড়াই এই অঞ্চলগুলিতে বন্যার কারণ হয়ে দাঁড়ায়। আগের সরকারের সময় বর্ষাকালে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে ঘিরে রাজ্য-কেন্দ্রের টানাপোড়েন প্রায় নিয়মিত ঘটনা ছিল। জল ছাড়া নিয়ে ডিভিসি রাজ্যের সঙ্গে আলোচনা করে না, এই অভিযোগও একাধিকবার তুলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর তিনি ডিভিসিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "কথা না শুনলে ডিভিসির সামনে আর একটা বাঁধ তৈরি করে দেওয়া হবে।" সেই আবহে রাজনৈতিক তরজাও কম হয়নি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার সময়ও বন্যার জন্য ডিভিসিকে দায়ী করা নিয়ে একাধিবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তবে বর্তমান সরকারের অবস্থান একেবারেই আলাদা। সংঘাতের বদলে সমন্বয়কে গুরুত্ব দিয়েই এবার বর্ষা মোকাবিলার প্রস্তুতি শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট।