পুবের কলম ওয়েব ডেস্ক: টানা গ্রীষ্মের দাবদাহের পর শুক্রবারের ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা গিয়েছিল। তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছিল ঠিকই, তবে সেই স্বস্তি স্থায়ী হবে না বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রবিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনা থাকলেও সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার সকালে আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও বেলা সঙ্গে সঙ্গে মেঘ জমার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এরমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিকেল থেকে রাতের মধ্যে এই সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে, কলকাতায় রবিবার সকালটা তুলনামূলক স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা  রয়েছে।

হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তাতে অস্বস্তিকর গরম হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই ফের অস্বস্তিকর গরম ফিরে আসতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম বাড়বে।
তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার থেকে সেখানেও আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে মঙ্গলবারের পর ফের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।