সিবিএসই-র মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে বড় প্রশাসনিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে সরিয়ে নতুন দুই আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) ব্যবস্থা এবং সংশ্লিষ্ট টেন্ডার ও ক্রয় প্রক্রিয়া খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন প্রবীণ আইএএস আধিকারিক লোখাণ্ডে প্রসাদ সীতারাম।

২০০১ ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পদে কর্মরত। অন্যদিকে, সিবিএসই-র নতুন সচিব হয়েছেন বরুণ ভরদ্বাজ, যিনি এতদিন শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে সিবিএসই-র চেয়ারম্যান রাহুল সিং এবং সচিব হিমাংশু গুপ্তা-কে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাহুল সিংকে কৃষি মন্ত্রকের অতিরিক্ত সচিব পদে পাঠানো হয়েছে।

নতুন নিয়োগের ঘোষণা করে সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, বোর্ডের প্রশাসনিক ও মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই সিবিএসই-র নতুন অন-স্ক্রিন মার্কিং পদ্ধতি নিয়ে ব্যাপক অভিযোগ ওঠে। অনেক শিক্ষার্থী কম নম্বর পাওয়ার অভিযোগ করেন। কেউ দাবি করেন, তাঁদের উত্তরপত্রের কিছু পৃষ্ঠা মূল্যায়নের সময় বিবেচনায় নেওয়া হয়নি।

আবার কেউ অন্য শিক্ষার্থীর উত্তরপত্র দেখতে পাওয়ার অভিযোগও তোলেন।

অভিভাবক ও পরীক্ষার্থীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে স্ক্যান করা উত্তরপত্র ঝাপসা ছিল, কোথাও মূল্যায়ন অসম্পূর্ণ ছিল, আবার কোথাও নম্বর গণনায় ভুল ধরা পড়ে। রিভ্যালুয়েশন প্রক্রিয়াতেও সার্ভার বিভ্রাট ও পেমেন্ট গেটওয়ে সমস্যার অভিযোগ সামনে আসে।

এদিকে, মঙ্গলবার পুনরায় পোর্টাল চালু হলেও নতুন করে প্রযুক্তিগত সমস্যার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের একাংশ লগইন সমস্যা, পেমেন্ট ব্যর্থতা এবং ওয়েবসাইট ক্র্যাশের কথা জানিয়েছেন। সিবিএসই সূত্রে দাবি, মাত্র দুই মিনিটে ১৫ লক্ষের বেশি হিট আসে পোর্টালে, পাশাপাশি বিপুল সংখ্যক অননুমোদিত প্রবেশের চেষ্টাও ধরা পড়ে। তবে বোর্ডের বক্তব্য, সাইবার আক্রমণের চেষ্টা সত্ত্বেও পোর্টাল নিরাপদ ও সচল রয়েছে এবং সেটিকে আরও উন্নত করার কাজ চলছে।