দলের অন্দরে ক্রমবর্ধমান অস্থিরতা ও বিধানসভাকে ঘিরে টানটান রাজনৈতিক নাটকের মধ্যেই বড় পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। দলের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। দল জানিয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সাম্প্রতিক সময়ে দলের ভিতরে বিদ্রোহ, নেতৃত্ব নিয়ে অসন্তোষ এবং একাধিক রাজনৈতিক বিতর্ককে কেন্দ্র করে তৃণমূলে অস্বস্তি ক্রমশ বাড়ছিল।

তারই মধ্যে দলের সব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের তরফে এখনও নতুন কমিটি গঠন বা সাংগঠনিক পুনর্গঠনের রূপরেখা প্রকাশ করা হয়নি। তবে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে এবং সংগঠনকে নতুন করে সাজাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা।

এই ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন নজর থাকবে, কবে এবং কীভাবে নতুন সাংগঠনিক কাঠামো গড়ে তোলে তৃণমূল নেতৃত্ব।