মহারাষ্ট্রের পুনে জেলায় মিথানল মিশ্রিত বিষমদ পান করে গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় এখনও বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
আরও পড়ুন:
ঘটনার পরই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র সরকার। বেআইনি মদচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ ও আবগারি দপ্তর।
ইতিমধ্যেই এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গ্রেপ্তারি হতে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে জানিয়েছেন, বিষমদ কাণ্ডের নেপথ্যে থাকা পুরো চক্রকে চিহ্নিত করা হয়েছে। এই অবৈধ কারবারের শিকড় উপড়ে ফেলতে পুলিশ ও আবগারি দপ্তর যৌথভাবে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন:
রাজ্যের আবগারি কমিশনার অতুল কানাড়ে জানান, মৃত্যুর প্রকৃত কারণ এবং বিষমদ সরবরাহের উৎস খুঁজে বের করতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে অভিযুক্ত মদ ব্যবসায়ী যোগেশ ওয়াংখেড়ে, যাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এদিকে এই মর্মান্তিক ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। রোহিত পাওয়ার অভিযোগ করেছেন, মহারাষ্ট্রে বেআইনি মদ ব্যবসা ও দুর্নীতি ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে। বারবার সতর্ক করা সত্ত্বেও সরকার এই ধরনের অবৈধ কারবার রুখতে ব্যর্থ হয়েছে বলেও তিনি দাবি করেছেন।
আরও পড়ুন:
বিষমদ কাণ্ডের জেরে পুনে ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে অবৈধ বা উৎস অজানা মদ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।