ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশের  সড়কপথে উদ্বেগজনক হারে বেড়েছে দুর্ঘটনা। ঈদের আগে ও পরে ১৩ দিনে ওই দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২২ জন।

বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

এসব দুর্ঘটনায় নিহত ও আহতের এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাই সবচেয়ে বেশি। এ সময়ে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির বড় অংশ।

এ ছাড়া বিভিন্ন দুর্ঘটনায় ৩৭ জন পথচারী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে যানবাহনের চালক ও সহকারীর সংখ্যাও উল্লেখযোগ্য।

এ সময়ে ৩৩ জন চালক ও সহকারী নিহত হয়েছেন।

সড়কের পাশাপাশি নৌ ও রেলপথেও দুর্ঘটনা ঘটেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২২টি রেল দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আইন প্রয়োগ জোরদার এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ঈদকে কেন্দ্র করে বাড়তি যাত্রীচাপ ও যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।