রাজ্যে শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা বিতরণ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন মহিলার অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্নে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “খুব অল্প সময়ের মধ্যে মুখ্যসচিব, অর্থসচিব-সহ প্রশাসনের সকলের সহযোগিতায় এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে। যাঁরা যোগ্য, প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন।

মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর দাবি, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে এমন বহু ব্যক্তি সুবিধা পেয়েছেন, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। তাই প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই নতুন করে তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনপত্র অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই পাওয়া যাবে। যাঁরা নিজেরা আবেদন করতে পারবেন না, তাঁদের বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে ফর্ম পূরণের ব্যবস্থা করা হবে।

আগামী তিন মাস ধরে আবেদন গ্রহণ চলবে এবং প্রতি সাত দিন অন্তর উপভোক্তাদের তালিকা সংশোধন করা হবে।

এদিকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁদের অ্যাকাউন্টে আজ থেকেই সরাসরি অর্থ পাঠানো শুরু হয়েছে। পাশাপাশি বুধবার থেকেই অনলাইনে নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে। তাঁর দাবি, আবেদন জমা দেওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাবেন বলে আশা করছে সরকার।