বিহারের মুজফফপুরে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোররাতে প্রসাদ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা প্রশাসন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনটি দেহ উদ্ধার করা হয়েছে।
যদিও স্থানীয় সূত্রের দাবি, মৃতের সংখ্যা ১০ জন পর্যন্ত হতে পারে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্রহ্মপুরা এলাকার ওই হাসপাতালের ছয়তলায় অবস্থিত আইসিইউ বিভাগে প্রথম আগুনের সূত্রপাত হয়। শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে মনে করছেন দমকল ও প্রশাসনের আধিকারিকরা। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। ভোর ৩টা ৫৫ মিনিট নাগাদ খবর পাওয়ার পর দমকলের প্রায় ২০টি ইঞ্জিন উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজে নামানো হয়।
দমকল বিভাগের আধিকারিক রাম নিবাস পান্ডে জানিয়েছেন, আগুন লাগার পর হাসপাতালের আইসিইউ ও অন্যান্য ওয়ার্ড থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এখনও পর্যন্ত প্রায় ২০ জন রোগীকে নিরাপদে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে হাসপাতালের আইসিইউ বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর হাসপাতালের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এবং কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।