পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার পারদ অনেকটাই স্থিতিশীল। ফলে কোভিড নির্দেশিকা শিথিল করার পথেই হেঁটেছে রাজ্যগুলি। মানুষও ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। এই অবস্থায় ফের দিল্লিতে উদ্বেগ বাড়াল করোনা।

দিল্লির একটি স্কুলে ফের কোভিড হানা। এক শিক্ষক ও পড়ুয়ার করোনা আক্রান্তের খবর মিলেছে। ফলে স্বস্তি আর বেশিদিন থাকল না বলেই মনে করছে দিল্লিবাসী। এই পরিস্থিতিতে দিল্লির স্কুলগুলিতে নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার।

করোনা আক্রান্তের খবর পাওয়া মাত্রই দিল্লির বেসরকারি স্কুলের পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে শিক্ষার্থী, শিক্ষক সহ অ-শিক্ষক কর্মচারী সকলকে মাস্ক পরতে হবে।

শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। নিয়মিত হাত ধোয়া ও স্যানিটাইজ করতে হবে। করোনা সংক্রমণ নিয়ে প্রচার চালাতে হবে। করোনা সংক্রমণ স্কুলে ধরা পড়লেই স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে।

দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া বলেছেন, করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়েনি। অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। কোভিডের সঙ্গে বাঁচা শিখতে হবে। সরকারের তরফ থেকে সমস্ত কিছু নজরদারিতে আছে।