পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে রান্নার গ্যাসের কৃত্রিম সংকট নিয়ে বিরোধী শিবির কংগ্রেসকে ‘আতঙ্ক ছড়ানোর’ রাজনীতির তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এক সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, বৈশ্বিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশের ভেতরে অস্থিরতা তৈরি করা আদতে দেশেরই ক্ষতি করা।
 
এদিন প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, বর্তমান বিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর মতে, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বজুড়ে এক গভীর জ্বালানি সংকট তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, "আমরা দেখেছি কীভাবে কোভিড-১৯ মহামারি এবং পরবর্তীকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে বদলে দিয়েছে।

এখন আমাদের খুব কাছেই (পশ্চিম এশিয়া) আরও একটি যুদ্ধ চলছে, যা গোটা বিশ্বকে এক বিশাল জ্বালানি সংকটের মুখে ঠেলে দিয়েছে।"
 
এলপিজি-র যোগান নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, একদল মানুষ রাজনৈতিক ফায়দা লুটতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল এলপিজি সংকট নিয়ে নিজস্ব অ্যাজেন্ডা চালাচ্ছে। আতঙ্ক ছড়িয়ে এই দলগুলো কেবল নিজেদের স্বরূপ উন্মোচন করছে না, বরং দেশেরও ক্ষতি করছে। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে সমস্ত রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান মোদি।