পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ঐতিহাসিক ১৪ই মার্চ, নন্দীগ্রাম দিবস। প্রায় ১৯ বছর আগে আজকের দিনেই রক্তে ভেসে গিয়েছিল মেদিনীপুরের এই জনপদ। সেই ভূমি রক্ষা আন্দোলনের আঁচ একসময় আমূল বদলে দিয়েছিল বাংলার রাজনীতির গতিপথ। রাজ্যের রাজনৈতিক পালাবদলের অন্যতম কাণ্ডারি সেই নন্দীগ্রাম দিবস উপলক্ষে আজ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 

শনিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

তিনি লেখেন, "নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি।" 
 
২০০৭ সালের ১৪ই মার্চ জমি রক্ষা আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন গ্রামবাসী। সেই ঘটনার অভিঘাত শুধু নন্দীগ্রামেই সীমাবদ্ধ থাকেনি, বরং তৎকালীন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। সিঙ্গুর ও নন্দীগ্রামের সেই আন্দোলনই ২০১১ সালে পরিবর্তনের পথ প্রশস্ত করে।
 
প্রতি বছরের মতো এবারও দিনটি ঘিরে রাজনৈতিক মহলে সাজ সাজ রব। একদিকে তৃণমূল কংগ্রেস যখন এই দিনটিকে কেন্দ্র করে নিজেদের 'ভূমিপুত্র' ও 'মা-মাটি-মানুষ' সপক্ষে আবেগ উসকে দিচ্ছে, অন্যদিকে বিরোধী শিবিরও শহিদ স্মৃতি স্মরণে কর্মসূচি গ্রহণ করেছে।