পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লাহর ওপর ভয়াবহ হামলার ঘটনায় শিউরে উঠেছে দেশ। বুধবার রাতে জম্মুতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আততায়ীর নিশানায় পড়েন তিনি। জনৈক এক ব্যক্তি একেবারে কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান এনসি (NC) সভাপতি। এই ঘটনা কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কররা এই ঘটনাকে 'স্তম্ভিত করার মতো' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, জনবহুল স্থানে এমন আক্রমণ বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কঙ্কালসার চেহারাটা বের করে দিয়েছে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এই ঘটনার নিন্দা জানিয়ে প্রবীণ নেতার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করেছেন।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র সুনীল শেঠি বলেন, "গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই।" বিজেপির বিধায়ক বিক্রম রানধাওয়া আবদুল্লাহর বাসভবনে গিয়ে তাঁর সাথে দেখা করেন এবং সংহতি প্রকাশ করেন।