পুবের কলম, ওয়েবডেস্ক: আবারও শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিল আমেরিকা। ভারত-সহ ১৬টি দেশের বিরুদ্ধে বাণিজ্য নিয়ম ভাঙার অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ প্রমাণিত হলে এই দেশগুলির পণ্যের উপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
আমেরিকার প্রশাসনিক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দেশগুলির বাণিজ্য নীতিতে অসঙ্গতি রয়েছে বলে মনে করছে ওয়াশিংটন।

তাদের অভিযোগ, কয়েকটি দেশ নিজেদের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এবং সেই পণ্য কম দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘিত হচ্ছে বলে দাবি আমেরিকার।
 
এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যদি অনিয়ম ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট দেশগুলির পণ্যের উপর নতুন করে আমদানি শুল্ক বসানো হবে বলে জানিয়েছে আমেরিকার বাণিজ্য দপ্তর।
যে দেশগুলির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তার মধ্যে রয়েছে ভারত, চিন, বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইৎজ়ারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ইউরোপীয় দেশগুলির জোট।
 
বিশেষজ্ঞদের একাংশের মতে, নতুন করে শুল্ক আরোপের পথ তৈরি করতেই এই তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, আমেরিকার নিজস্ব শিল্প ও উৎপাদন ব্যবস্থাকে সুরক্ষিত রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে আমেরিকার সর্বোচ্চ আদালত ট্রাম্পের আগের শুল্ক নীতিকে বেআইনি বলে বাতিল করেছিল। তবে সেই রায়ের পরও প্রশাসন অন্য আইনি ধারার আওতায় বেশ কয়েকটি দেশের উপর নতুন শুল্ক আরোপ করে এবং পরে সেই শুল্ক আরও বাড়ানো হয়।