পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনকে ঘিরে নতুন রাজনৈতিক সংঘাতের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে অপসারণের দাবি তুলে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিল বিরোধী শিবির। তৃণমূলের উদ্যোগে আনা এই প্রস্তাবে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৯৩ জন সাংসদের স্বাক্ষর জোগাড় হয়েছে। বিরোধী জোট ইন্ডিয়া এর তরফে আনা এই প্রস্তাবে লোকসভা থেকে ১৩০ জন এবং রাজ্যসভা থেকে ৬৩ জন সাংসদ স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
সংসদে জমা দেওয়া নোটিসে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ, নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি এবং বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ।
নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনও বিচারপতিকে অপসারণের যে প্রক্রিয়া রয়েছে, মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও প্রায় একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়। তবে এর আগে কোনও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এভাবে ইমপিচমেন্ট প্রস্তাব আনার উদ্যোগ এতদূর এগোয়নি বলেই জানাচ্ছেন তৃণমূলের নেতারা। তাই আইনি দিক খতিয়ে দেখেই পদক্ষেপ করা হচ্ছে। প্রক্রিয়া অনুযায়ী, এই প্রস্তাব সংসদের দুই কক্ষেই জমা দেওয়া হয়েছে। এরপর লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন প্রস্তাবটি গ্রহণ করা হবে কি না। যদি প্রস্তাব গৃহীত হয়, তবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
ওই কমিটির ছাড়পত্র পাওয়ার পর বিষয়টি সংসদে পেশ করা হবে এবং তা নিয়ে আলোচনা হবে। পরে বিতর্কের পর প্রস্তাবের উপর ভোটাভুটি হবে। ফলে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল। এতে সংসদের বিপুল সংখ্যক সাংসদের সমর্থন প্রয়োজন হবে, যা জোগাড় করা বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।