উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার ভোরে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ জানায়, উত্তরাঞ্চলের শহর জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে সেখানে উদ্ধারকাজ শুরু করা হয়। এতে আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়।

পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের চিকিৎসাকর্মীরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন। আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক নারীর পিঠে ধাতব টুকরো ঢুকে যায়, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরীও আহত হয়েছে।
অগ্নিনির্বাপণ বিভাগের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ এবং দুমড়েমুচড়ে যাওয়া কয়েকটি গাড়ি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই ইরান এবং লেবাননভিত্তিক হিজবুল্লাহ—উভয় পক্ষ থেকে ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এতে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে।