পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে অবশেষে আলোচনার টেবিলে বসছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই ঐতিহাসিক শান্তি বৈঠকের তোড়জোড় শুরু হয়েছে। শুক্রবার ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পৌঁছানোর পর আজ, শনিবার সকালেই মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে অবতরণ করেছে।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাকের কলিবফ-এর নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছয়। এই দলে রাজনৈতিক ও সামরিক বিশেষজ্ঞরাও রয়েছেন।
শনিবার সকালে একটি মার্কিন সরকারি বিমানে চড়ে ইসলামাবাদে এসে পৌঁছন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর নেতৃত্বে আসা এই প্রতিনিধি দল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংঘাত নিরসন ও যুদ্ধবিরতির স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করবে। দীর্ঘ দেড় মাস ধরে চলা সরাসরি ও পরোক্ষ যুদ্ধের পর এই প্রথম দু’পক্ষ কোনো তৃতীয় দেশে সরাসরি আলোচনার পরিবেশ তৈরি করল।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই মেগা বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই আলোচনাকে স্বাগত জানিয়ে বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান সবসময়ই সেতু হিসেবে কাজ করতে চায়।