পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের আবহে বড় ধাক্কা খেল ইরান। দেশটির সামরিক গোয়েন্দা শাখার প্রধান মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদমাধ্যম। তবে তাঁর মৃত্যুর নির্দিষ্ট কারণ বা কোথায় এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। খাদেমির আগে এই পদে ছিলেন মহম্মদ কাজ়েমি, যিনি গত বছরের জুনে ইজ়রায়েলের হামলায় নিহত হন।
তাঁর মৃত্যুর পরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর-এর গোয়েন্দাপ্রধান হিসেবে দায়িত্ব পান খাদেমি। এক বছরের মধ্যেই ফের একই পদে থাকা আরেক শীর্ষ আধিকারিকের মৃত্যুতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।বর্তমানে ইরান একাধিক ফ্রন্টে চাপের মুখে। একদিকে ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্র— দুই দেশের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে রয়েছে তেহরান। হামলা ও পাল্টা হামলায় ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি।
এরই মধ্যে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতায় আসার জন্য চাপ দিয়েছেন। সতর্কবার্তায় তিনি বলেন, দ্রুত সমাধান না এলে আরও বড় হামলার পথে হাঁটতে পারে আমেরিকা।
যদিও প্রকাশ্যে আলোচনার ইঙ্গিত না দিলেও বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অন্তরালে আলোচনা চলছে। প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য সংঘাত স্থগিত রাখার সম্ভাবনা নিয়েও কথাবার্তা এগোচ্ছে বলে জানা গেছে।