পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু সদস্যকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, ওই পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গোপনে ইরানে প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে। মার্কিন সামরিক সূত্রে জানা গিয়েছে, উদ্ধার অভিযানে ইতিমধ্যেই এক ক্রু সদস্যকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় জন এখনও নিখোঁজ রয়েছেন। তাঁকে খুঁজতে আকাশ ও স্থল—দুই পথেই তল্লাশি জোরদার করা হয়েছে।


 
 এই অভিযানে মার্কিন বাহিনী ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করছে বলে জানা গেছে। পাশাপাশি প্রয়োজন হলে AC-130 গানশিপ থেকে বিশেষ বাহিনীর সদস্যদের নামিয়ে স্থলপথে অনুসন্ধান চালানোর পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে, ইরানও নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজে বের করতে সক্রিয় হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মাধ্যমে জানানো হয়েছে, ওই পাইলটকে জীবিত ধরে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।