পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটিয়ে আমেরিকার দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ওয়াশিংটনের এই প্রস্তাব "অত্যধিক এবং অযৌক্তিক"। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না এবং প্রয়োজনে আমেরিকাকে "চরম প্রত্যাঘাত" হানতে তারা প্রস্তুত।
ইরানের সরকারি সংবাদমাধ্যম 'প্রেস টিভি'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ ইরানি আধিকারিক জানিয়েছেন, আমেরিকা এর আগেও দু’বার আলোচনার নামে ইরানের সঙ্গে প্রতারণা করেছে।
পাকিস্তান ও মিশরের মধ্যস্থতাকারী সূত্রে জানা গিয়েছে, আমেরিকার প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা, ক্ষেপণাস্ত্রের পাল্লা কমানো এবং সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদত দেওয়া বন্ধ করার মতো বিষয় ছিল। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের টোপ দেওয়া হয়েছিল। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা সম্ভব নয়।