পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে লোকসভা ও রাজ্যসভায় অভিশংসন বা অপসারণের নোটিশ জমা দিল বিরোধী দলগুলোর জোট 'ইন্ডিয়া'। শুক্রবার সংসদের উভয় কক্ষেই এই নোটিশটি পেশ করা হয়েছে। জানা গিয়েছে, লোকসভার বিরোধী শিবিরের ১৩০ জন সাংসদ এই নোটিশে স্বাক্ষর করেছেন। রাজ্যসভার ৬৩ জন সাংসদের স্বাক্ষর সংবলিত নোটিশ জমা দেওয়া হয়েছে।


 
মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মূলত সাতটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিরোধীদের দাবি অনুযায়ী, সিইসি-র ভূমিকা নিরপেক্ষ নয়। পদে থাকাকালীন পক্ষপাতিত্ব এবং বৈষম্যমূলক আচরণের অভিযোগ। নির্বাচনী জালিয়াতি বা 'ইলেক্টোরাল ফ্রড'-এর তদন্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দান। বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ।

 
বিরোধীদের মূল অভিযোগের তীর বর্তমানে চলমান 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (এসআইআর) বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার দিকে। বিরোধী দলগুলোর দাবি, এই প্রক্রিয়ার আড়ালে কেন্দ্রীয় শাসক দল বিজেপি-কে অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্য নির্বাচন কমিশনার। তাঁদের অভিযোগ, সিইসি বিভিন্ন সময়ে কেন্দ্রের শাসক দলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। ইন্ডিয়া জোটের এক শীর্ষ নেতা বলেন, "গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা থাকা উচিত ছিল, বর্তমান সিইসি তা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। তাই সংবিধান প্রদত্ত পথেই আমরা তাঁর অপসারণ দাবি করছি।"