পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেয়ে চোখ কপালে উঠেছে রীতেশ কুমার নামে বিহারের এক যুবকের। ২০২২ সালে পিওন পদের নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তিনি। দীর্ঘ চার বছর অপেক্ষার পর পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেতেই দেখা যায়, রীতেশের ছবির জায়গায় ছাপা হয়েছে একটি কুকুরের ছবি। আগামী ১৫ মার্চ পরীক্ষাটি হওয়ার কথা।
নিজের ছবির বদলে গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুরের ছবি দেখে স্তম্ভিত হয়ে যান পরীক্ষার্থী। এই ঘটনাকে ঘিরে বিহার সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।সূত্রের খবর, ২০২২ সালে জেলা ও দায়রা আদালতে পিওন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই সময় নিয়ম মেনে আবেদনপত্র জমা দিয়েছিলেন রীতেশ। তাঁর দাবি, আবেদন করার সময় তিনি নিজের সঠিক ছবিই আপলোড করেছিলেন। প্রমাণ হিসেবে নিজের কাছে সংরক্ষিত নথিপত্রও দেখিয়েছেন তিনি। কিন্তু পরীক্ষার ঠিক আগে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতেই সামনে আসে এই অদ্ভুত বিভ্রাট।
ঘটনা জানাজানি হতেই এলাকায় হাসির পাত্র হয়ে উঠেছেন রীতেশ। ফলে অপমান ও দুশ্চিন্তার মধ্যেই দিন কাটছে তাঁর। রীতেশ জানিয়েছেন, ছবির ভুল সংশোধনের জন্য তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু পরীক্ষার দিন যতই এগিয়ে আসছে, এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুল ছবি নিয়ে তাঁকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে কি না, তা নিয়েও চিন্তায় রয়েছেন রীতেশ। কর্তৃপক্ষের কাছে তাঁর একটাই আবেদন—দ্রুত অ্যাডমিট কার্ডের ছবির ভুল সংশোধন করা হোক। নইলে চার বছরের অপেক্ষা ও পরিশ্রম সবটাই বিফলে যাবে তাঁর। এই ঘটনায় বিহারের প্রক্রিয়ার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।