পুবের কলম প্রতিবেদক, মালদা: পশ্চিম এশিয়ার উত্তেজনায় টালমাটাল বিশ্ববাজার, আর তার সরাসরি প্রভাব পড়ল পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে মালদহ জেলা জুড়ে রান্নার গ্যাসের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের জোগান কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জেলার কয়েকশো হোটেল ও রেস্তরাঁ এখন বন্ধ হওয়ার মুখে। অন্যদিকে, ডোমেস্টিক বা গৃহস্থালির গ্যাসের জন্যও ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন চোখে পড়ছে।


 
মালদহ শহরের রথবাড়ি, ইংলিশবাজার এবং পুরাতন মালদহের বিভিন্ন এলাকায় ছোট-বড় বহু হোটেল ও রেস্তরাঁ এদিন দুপুরের পর থেকেই পরিষেবা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। হোটেল মালিকদের দাবি, ডিস্ট্রিবিউটাররা বাণিজ্যিক গ্যাস সরবরাহ করতে পারছেন না। ফলে কয়লার উনুন বা ইলেকট্রিক হিটারের সাহায্যে কোনোমতে কাজ চালানোর চেষ্টা করা হলেও, তা চাহিদার তুলনায় নগণ্য। পরিস্থিতি এমন চললে আগামী দু-এক দিনের মধ্যে অধিকাংশ ভাতের হোটেল ও রেস্তরাঁ বন্ধ করে দিতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 
গ্যাস সঙ্কট দেখা দিতেই মালদহ জেলার বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটর সেন্টারের সামনে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। গ্রাহকদের অভিযোগ, অনলাইনে বুক করার সাত-আট দিন পরেও বাড়িতে সিলিন্ডার পৌঁছাচ্ছে না। এই সুযোগে চড়া দামে গ্যাস বিক্রির অভিযোগও তুলছেন অনেকে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হলেও, চিন্তায় অনেকেই।