পুবের কলম, ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের নয়ডা। বৃহস্পতিবার সকালে সেক্টর ৪ এলাকার একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় আচমকাই আগুন লাগে। এই ঘটনায় অন্তত ২৬ জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার সময় কারখানার ভেতরে প্রায় ২৪০ জন কর্মী কর্মরত ছিলেন।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে কারখানায় অগ্নি-নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
 
স্থানীয় সূত্রের খবর, কাজ চলাকালীন হঠাৎই কারখানার ভেতরে আগুনের লেলিহান শিখা দেখতে পান কর্মীরা।
মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকে পড়েন শ্রমিকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩০টি ইঞ্জিন এবং একটি বিশেষ উদ্ধারকারী দল। কারখানার ভেতরে আটকে পড়া কর্মীদের জীবন বাঁচাতে জানলার কাচ ভেঙে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। প্রায় কয়েক ঘণ্টার টানটান উত্তেজনার পর দমকলের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ২৬ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধোঁয়ার কারণে অনেকের শ্বাসকষ্ট শুরু হয় এবং কারখানার ওপর থেকে লাফিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আইসিইউ-তে রাখা হয়েছে।
 
যুগ্ম পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) রাজীব নারায়ণ মিশ্র জানিয়েছেন, "ধোঁয়ার কারণে বহু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া প্রাণ বাঁচাতে উঁচু থেকে লাফিয়ে নামতে গিয়েও কয়েকজন চোট পেয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল।"