পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের তীব্র সঙ্কট দেখা দেওয়ায় সংসদে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের জবাবদিহি দাবি করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, দেশের মানুষকে আতঙ্কিত না হতে বললেও প্রধানমন্ত্রী নিজেই অন্য কারণে উদ্বিগ্ন হয়ে রয়েছেন। সংসদ ভবনের মকর দ্বারের সামনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা-সহ বিরোধী দলের একাধিক সাংসদ বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভে কংগ্রেস, দ্রাবিড় মুন্নেত্র কাঝগম, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদেরা অংশ নেন।
 
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রতীকী প্রতিবাদ হিসেবে ইঁট দিয়ে চুলা বানিয়ে তার পাশে বসে স্লোগান দেন প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী সাংসদেরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, দেশে এত বড় সঙ্কট তৈরি হলেও প্রধানমন্ত্রী সংসদে আসছেন না।
তাঁর কথায়, এতে বোঝা যায় সরকার এই সমস্যার মুখোমুখি হতে চাইছে না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে সমাজমাধ্যমে লিখেছেন, গোটা দেশ যখন রান্নার গ্যাসের সঙ্কটে ভুগছে তখন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে ব্যস্ত। তাঁর দাবি, গ্যাসের ঘাটতির কারণে বহু হোটেল, রেস্তোরাঁ ও কারখানা বন্ধ হয়ে গেছে এবং দেশের কোটি কোটি মানুষ এই সমস্যার শিকার।
 
বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদে অচলাবস্থা তৈরি হয়।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনার দাবি তোলেন বিরোধীরা। ফলে অধিবেশন সাময়িকভাবে মুলতবি হয়ে যায়। এদিকে রান্নার গ্যাসের ঘাটতি মেটাতে বহু ব্যবসায়ী বিকল্প উপায়ে রান্নার ব্যবস্থা করছেন। কোথাও বিদ্যুৎচালিত চুলা, কোথাও সূর্যশক্তিচালিত চুলা বা কাঠের উনুন ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অন্তত গৃহস্থালির রান্নার গ্যাসের সরবরাহ যাতে ব্যাহত না হয় সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে বাণিজ্যিক গ্যাসের সঙ্কট এখনও পুরোপুরি কাটেনি।