মোবাইল হাতে নিলেই যেন আর থামা নেই—একটার পর একটা রিল, তারপর গেম। এভাবেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। রাতভর ফোন ব্যবহার আর দিনের বেশির ভাগ সময় কম্পিউটার টাইপিংয়ের ফলে আজকের যুবসমাজের বড় অংশ ভুগছে হাত, কবজি ও আঙুলের তীব্র ব্যথায়।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত ও ভুলভাবে মোবাইল-কম্পিউটার ব্যবহারের কারণে দেখা দিচ্ছে ‘কারপাল টানেল সিনড্রোম’, ‘ট্রিগার ফিঙ্গার’ ও ‘গেমার্স থাম্ব’-এর মতো সমস্যা।

হঠাৎ আঙুল লক হয়ে যাওয়া, ঝিনঝিন ভাব, জিনিস হাত থেকে পড়ে যাওয়া—এসবই তার লক্ষণ। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত এবং গেমপ্রেমী তরুণদের মধ্যেই এই সমস্যা বেশি।

সমাধান হিসেবে চিকিৎসকরা বলছেন, নির্দিষ্ট সময় পরপর বিরতি নেওয়া, সঠিক ভঙ্গিতে বসে কাজ করা এবং হাতকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া জরুরি। পাশাপাশি, নিয়মিত হাঁটাচলা ও হালকা ব্যায়ামও খুব প্রয়োজন। সময়মতো সচেতন না হলে ভবিষ্যতে এই সমস্যাগুলো আরও গুরুতর হয়ে উঠতে পারে।