পুবের কলম ওয়েবডেস্কঃ বরফঢাকা একটি পর্বতশৃঙ্গে কাজ করতে গিয়ে ১৫ হাজার বছর আগের ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। শনাক্ত হওয়া এই ভাইরাস বিজ্ঞানীদের কাছে একেবারেই অপরিচিত। আমেরিকার ওহিও স্টেট ইউনিভার্সিটির জলবায়ু ও অণুজীববিজ্ঞানীদের একটি দল গবেষণার কাজে চিনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল তিব্বতের গুলিয়া আইস ক্যাপে গিয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ২২ হাজার ফুট।
২০১৫ সালের ওই অভিযানে তারা সেখান থেকে কিছু বরফখণ্ড নিয়ে দেশে ফেরেন।আরও পড়ুন:
পর্যবেক্ষণের পর সেসব বরফখণ্ডে মিলেছে প্রাচীন ভাইরাসের অস্তিত্ব। এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন গত সপ্তাহে মাইক্রোবায়োম সাময়িকীতে প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে– এখনও পর্যন্ত শনাক্ত হওয়া ভাইরাসগুলো বিজ্ঞানীরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নথিভুক্ত করে রেখেছেন।
তবে বরফখণ্ড থেকে সম্প্রতি সন্ধান পাওয়া ভাইরাস আগে থেকে নথিভুক্ত ছিল না। অণুজীববিজ্ঞানী ঝিপিং ঝং জানান– প্রায় ১ হাজার ১৭ ফুট গভীর থেকে বরফ তুলে আনা হয়। পরে তা তিন ফুট লম্বা ও চার ইঞ্চি চওড়া করে কয়েকটি খণ্ডে কাটা হয়। পর্যবেক্ষণ করে বরফে সন্ধান মেলে ৩৩টি ভাইরাসের। এর মধ্যে ২৮টি একেবারেই অপরিচিত। গবেষণায় দেখা গেছে– শনাক্ত হওয়া এসব ভাইরাস মানুষের জন্য ক্ষতিকর নয়।