পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ার উত্তেজনা বিশ্বজুড়ে ঘনিয়ে আসা জ্বালানি তেলের সঙ্কট মোকাবিলায় তৎপর হয়ে উঠল ভারত। মঙ্গলবার ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক দীর্ঘ ফোনালাপে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা করেন তাঁরা। বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিয়ে দুই দেশের মধ্যে বিশদ কথা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-আমেরিকা সংঘাতের জেরে বর্তমানে মধ্যপ্রাচ্য কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে।
এর আগে সংসদে দেওয়া এক বিবৃতিতে জয়শঙ্কর জানিয়েছেন, ভারত সবসময়ই আলাপ-আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষপাতী। যুদ্ধের ফলে যাতে অসামরিক মানুষ এবং ভারতীয় নাবিকদের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে ইরানকে সতর্ক করা হয়েছে।