পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে চলা সংঘাত দ্বিতীয় সপ্তাহে পৌঁছতেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা অনেকটাই কমেছে। যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের দাবি, তাদের যৌথ হামলায় ইরানের প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। তবে এই দাবি খারিজ করেছে তেহরান। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সইদ মাজিদ মৌসভি বলেন, হামলার সংখ্যা কমা কোনও দুর্বলতার লক্ষণ নয়, এটি নতুন যুদ্ধকৌশল। তাঁর বক্তব্য, ভবিষ্যতে এক টনের কম ক্ষমতার অস্ত্র ব্যবহার করা হবে না এবং হামলার পরিধিও আরও বাড়ানো হবে।
তবে ইরানের ভাণ্ডারে এখন কত ক্ষেপণাস্ত্র রয়েছে, তা স্পষ্ট নয়। তুরস্কের প্রাক্তন কূটনীতিক সিনান উলগেনের মতে, যুদ্ধ কত দিন চলবে তা অনিশ্চিত। তাই হিসেব করে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই লড়াই চালিয়ে যেতে চাইছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধ প্রায় শেষ বলে দাবি করলেও পরে জানান, এখনও চূড়ান্ত জয় আসেনি। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কবে থামবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।