ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন তাঁর কয়েকজন উপদেষ্টা। তেলের দামের দ্রুত বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কা থেকেই এই পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, উপদেষ্টাদের মতে এই সামরিক অভিযানের মূল লক্ষ্য অনেকটাই অর্জিত হয়েছে। তাই পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আগেই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কৌশল খোঁজা প্রয়োজন।
সোমবার ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে। তবে প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি মধ্যপ্রাচ্যে হামলা চালানো চালিয়ে যায় এবং ইসরায়েলও পাল্টা আক্রমণে প্রস্তুত থাকে, তাহলে এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের দ্রুত সরে আসা কঠিন হতে পারে।
আরও পড়ুন:
ওই কর্মকর্তার মতে, কাঙ্ক্ষিত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করার সম্ভাবনা কম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামরিক চাপ সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি মানতে রাজি না হওয়ায় ট্রাম্প কিছুটা বিস্মিত হয়েছেন।