পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটের দিন সকালেই বিক্ষোভের মুখে পড়তে হল পানিহাটির বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথকে। তাঁর গাড়ি ঘিরে "গো ব্যক" স্লোগান তোলেন একদল বিক্ষোভকারী। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে আগরপাড়া নিউ আদর্শ নগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।
ভোট দেওয়ার পর বিধানসভা এলাকার বিভিন্ন বুথ ঘুরে দেখছিলেন রত্না দেবনাথ। সেই সময় কয়েকজন তাঁর গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে রত্না দেবনাথ বলেন, তাঁর গাড়ি লক্ষ্য করেই হামলাত্মক আচরণ করা হয়েছে। তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং গাড়ি ঘিরে ফেলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। তাঁর বক্তব্য, দোষীদের গ্রেপ্তার না করা হলে এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট করানো কঠিন হয়ে পড়বে।
এদিন সকালে ভোট দিতে গিয়েও নজর কেড়েছেন রত্না দেবনাথ। তাঁর পরনে ছিল সাদা শাড়ি, যার কালো পাড়ে লেখা ছিল "মেরুদণ্ড বিক্রি নেই"। ভোট দেওয়ার পর তিনি বলেন, মানুষ তাঁদের পাশে রয়েছেন এবং শেষ পর্যন্ত তাঁরাই জয়ী হবেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাঁর মেয়ের মৃত্যুর বিচারও একদিন মিলবেই।
রত্নার স্বামীও এদিন আবেগঘন প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, নিজের মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে এইভাবে রাজনীতির পথে নামতে হবে, তা কখনও ভাবেননি। তবে মানুষের সমর্থনে তাঁরা লড়াই চালিয়ে যাবেন বলেও জানান।
প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল রাজ্যজুড়ে। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন অসংখ্য মানুষ। সেই আন্দোলনের প্রথম সারিতেও দেখা গিয়েছিল রত্না দেবনাথকে। পরে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বামপন্থীরা। সেই ঘটনার পরই তিনি বিজেপিতে যোগ দিয়ে পানিহাটি কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে নামেন।