পুবের কলম ওয়েবডেস্ক: ওডিশার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুতে  তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী  নবীন পট্টনায়েক। এই তিনদিন রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

অন্যদিকে মন্ত্রীর অকাল প্রয়াণে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন, দেশের প্রধানমন্ত্রী সহ আরও রাষ্ট্রীয় নেতামন্ত্রীরা।

স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, “মন্ত্রী নব কিশোর দাস-জির অকাল প্রয়াণে আমি শোকাহত।

এই দুঃখজনক সময়ে তাঁর পরিবারের প্রতি  সমবেদনা জানাচ্ছি এবং তাঁর আত্মার শান্তি কামনা করি।” ওম শান্তি!

অন্যদিকে, ওডিশার মন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে  টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, “ভয়াবহ হামলার জেরে ওড়িশার মন্ত্রী নব কিশোর দাসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।

আমি  তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁরা যেন এই কঠিন সময়ে শক্তি এবং শান্তি খুঁজে পেতে পারেন।”

রবিবার রাতে ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে ওডিশার স্বাস্থ্যমন্ত্রী নব  কিশোর দাসের মৃত্যু হয়।  মঙ্গলবার মন্ত্রীর 'অন্ত্যেষ্টি ক্রিয়া'  সম্পন্ন হবে। মন্ত্রীর মৃত্যু থেকে তাঁর শেষকৃত্যের দিন পর্যন্ত- তিনদিনই রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্ডব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নব কিশোর দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন।