পুবের কলম ওয়েবডেস্কঃপেট্রল- ডিজেলের দাম ইতিমধ্যেই পার করে দিয়েছে ১০০ এর গন্ডী।পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। বাজারে শাক-সবজীর অগ্নিমূল্য। এরপর দেশের বাজারে দাম বাড়তে চলেছে দেশলাই কাঠির। ১৪ বছর  পর এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটতে চলেছে।

কতটা দাম বাড়ছে দেশলাইয়ের? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে একধাক্কায় দ্বিগুণ হতে চলেছে একবাক্স দেশলাইয়ের দাম। এই মুহুর্তে এক বাক্স দেশলাইয়ের দাম এক টাকা, তা বেড়ে হচ্ছে দু টাকা। ২০০৭ সালে শেষবার দাম বেড়েছিল দেশলাইয়ের। তখন দাম ছিল ৫০ পয়সা।

তা বেড়ে হয় একটাকা।

তবে কেন বাড়ল দেশলাইয়ের দাম নির্মাতারা জানাচ্ছেন, দেশলাই তৈরি করতে ১৪ রকম কাঁচা মাল লাগে। এর মধ্যে লাল ফসফরাসের দাম ৪২৫ থেকে বেড়ে ৮১০ টাকা হয়েছে। মোমের মূল্য ৫৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা।

দেশলাই বাক্সের বাইরের বোর্ড ৩৬ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা এবং ভিতরের বোর্ড ৩২ টাকা থেকে বেড়ে ৫৮ টাকা হয়েছে।

পাশাপাশি কাগজ, সালফার, পটাশিয়াম ক্লোরেট, স্প্লিন্টসেরল দামও ১০ অক্টোবর থেকে বেড়ে গিয়েছে। ফলে আর পুরনো দামে দেশলাই বিক্রি করা সম্ভব হচ্ছে না।

এক সময়ে দেশে দেশলাইয়ের রমরমা কারবার ছিল সুইডিশ কোম্পানিগুলির। সেই সময় এই এই বিদেশি কোম্পানি গুলির একচেটিয়া রমরমা রুখতে ১৯৭৮ সালে তৎকালীন অর্থমন্ত্রী চরণ সিং দেশলাইয়ের দাম বাড়ান। তাতে  ঝড় বয়ে যায় দেশে।

তবে দেশলাইয়ের এই ভাবে খুচরো বাজারে দাম বাড়তেই মাথাচাড়া দিতে শুরুকরেছে বিতর্ক। রসিকজনের কথায় এবার তাহলে পেট্রল- ডিজেল , এলপিজি সিলিন্ডারের পর আগুনের বাক্সেও লাগল আগুন মানে বাড়ল দাম।