পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান–কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এক বার্তায় বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ দেশের গণতান্ত্রিক পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। এজন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন:
তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযমী বক্তব্য এবং কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময়ে জামায়াতের গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান।আরও পড়ুন:
আরও পড়ুন:
জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে জাতীয় ঐক্য সুসংহত করতে যে ভূমিকা রাখা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে—এমন বিশ্বাস তার রয়েছে। তিনি ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। প্রসঙ্গত, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে। জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২টি আসন।