পুবের কলম প্রতিবেদক: বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিকাণ্ড নিয়ে ফের জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এবারের মামলার ক্ষতিপূরণ সংক্রান্ত। সোমবার আদালতে অভিযোগ করা হয়েছে, বগটুই অগ্নিকাণ্ডের পর রাজ্য সরকার যে ক্ষতিপূরণ দিয়েছে, তার মাধ্যমে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা বেআইনি বলেও অভিযোগ করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট রাজ্য সরকারকে দুই সপ্তাহ সময় দিয়েছে।
এই দুই সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ফলকনামা দিয়ে জবাব দিতে হবে।

এ দিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে অভিযোগ করেন, রাজ্য সরকার অগ্নিকাণ্ড নিয়ে যে ক্ষতিপূরণ বা চাকরি দিয়েছে তা সঠিক নয়।

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, মুখ্যমন্ত্রী জনসাধারণের টাকা থেকে ক্ষতিপূরণ দিয়েছেন। চাকরি দিয়েছেন। এটা সম্পূর্ণ আইনবিরুদ্ধ।

প্রসঙ্গত, গত ২১ মার্চ সোমবার সন্ধ্যায় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখ৷   তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চলে।  বেছে বেছে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।  সেই আগুনে ঝলসে মৃত্যু হয় প্রায় ১০ জনের। একজন রামপুরহাট হাসপাতালেও মারা যান। রাজ্য সরকার প্রথমে সিট গঠন করে তদন্ত শুরু করে। পরে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।