পুবের কলম,ওয়েবডেস্ক:ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঐতিহাসিক নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিস। আগুনে বেসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার (২২ মে) দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। রবিবার গভীর রাতে প্যাসিগ নদীর পাশে অবস্থিত এই পোস্ট অফিসে আগুন লাগে। মুহুর্তেই আকাশে শত শত মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে কালো ধোয়া।
আগুন লাগার পর ৮০টিরও বেশি ফায়ার ট্রাক কয়েক দশকের ওই পুরনো পোস্ট অফিসে পাঠানো হয়েছিল।ফায়ার প্রোটেকশন ব্যুরো জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সাত ঘণ্টার বেশি সময় লেগেছে। পোস্টমাস্টার জেনারেল লুইস কার্লোস ডিজেডবিবি রেডিওকে বলেন, বেসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি পুড়ে গেছে। তিনি আরো জানান, রাজধানী জুড়ে ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে কর্মীদের মোতায়েন করা হয়েছে।আগুন নেভানোর সময় একজন স্বেচ্ছাসেবী দমকলকর্মী সামান্য আহত হয়েছেন।
আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। জানা যায়, ১৯২৬ সালে নির্মিত পোস্ট অফিসটিকে ম্যানিলার ‘গ্র্যান্ডেস্ট বিল্ডিং’ হিসাবে বিবেচনা করা হত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ধ্বংস হয়ে যায় এবং ১৯৪৬ সালে পুনর্নির্মিত হয়। ফিলিপাইনের জাতীয় জাদুঘর ২০১৮ সালে ভবনটিকে একটি "গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পত্তি" ঘোষণা করেছে। চিঠি, পার্সেল এবং ডাক সংস্থার পুরো স্ট্যাম্প সংগ্রহগুলো এই ভবনে সংরক্ষিত ছিল এবং সম্ভবত আগুনে সব কিছুই ধ্বংস হয়ে গেছে, কার্লোস জানিয়েছেন।