পুবের কলম ওয়েব ডেস্ক:বিভিন্ন রাজ্যে শৈত্যপ্রবাহ চলার মধ্যে উত্তর প্রদেশের কানপুরে হৃদরোগ এবং ব্রেন অ্যাটাকের কারণে গত ছয় দিনে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ জন এবং ব্রেন অ্যাটাকের কারণে ১৭ জন রয়েছে। কানপুরে পারদ একটানা ৫ ডিগ্রির নিচে রয়েছে। এ কারণে কানপুরে হার্ট অ্যাটাকের ঘটনা দ্রুত বেড়েছে।
শুক্রবার এলপিএস ইনস্টিটিউট অফ সায়েন্সে ৭৮ জন হৃদরোগী জরুরী বিভাগে কার্ডিওলজিতে এবং ৫৪৭ জন রোগী ওপিডিতে আসেন। গত ২৪ ঘণ্টায় কার্ডিওলজিতে ৪৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এলপিএস ইনস্টিটিউট অফ কার্ডিওলজির ডিরেক্টর ডা. বিনয় কৃষ্ণ বলেন, সাধারণ দিনে যদি হার্টের শিরায় ৩০ শতাংশ ব্লকেজ থাকে, তবে ঠান্ডায় শিরাগুলো সঙ্কুচিত হওয়ার কারণে একই ব্লকেজ ৬০ শতাংশ পর্যন্ত হয়ে যায়। চিকিৎসকরা বলছেন, হার্ট অ্যাটাক ও ব্রেন অ্যাটাকের জন্য আসা রোগীদের রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল।
এর সঙ্গে যারা ডায়াবেটিস, কিডনি, লিভারের পুরনো রোগী, তাদের জন্য বিপদ বেশি।

‘কার্ডিওলজিতে ২০০টি শয্যা রয়েছে। বর্তমানে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী আসছে, সেজন্য রোগীদেরও স্ট্রেচারে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার প্রায় ৩০ জন রোগীকে স্ট্রেচারে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও ডাঃ বিনয় কৃষ্ণ মন্তব্য করেন।