পুবের কলম ওয়েবডেস্ক: আর্থিক তছরুপের অভিযোগে অনিল আম্বানিকে 5 আগস্ট ২০২৫ তলব করল ইডি। কমপক্ষে ১৭০০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে ওনার নামে। নয়াদিল্লির ইডি হেড কোয়ার্টারে হাজিরা দিতে হবে তাকে। রিলায়্যান্স গ্রুপের প্রোমোটিং ডিরেক্টর অনিল আম্বানি। গত সপ্তাহেই এই অভিযোগের ভিত্তিতে অনিল আম্বানির ৫০টি সংস্থায় তল্লাশি চালিয়েছিল ইডি।

এই ঘটনায় অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্রের খবর, ইয়েস ব্যাঙ্ক-সহ একাধিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হাজার হাজার কোটি টাকার ঋণ এখন আর্থিক তছরুপ ও জালিয়াতিতে পরিণত হয়েছে। এই ঘটনায়, অনিল আম্বানির বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে সিবিআই। এমনকি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রোমোটিং ডিরেক্টর অনিল ডি আম্বানিকে ‘ফ্রড’ হিসাবেও উল্লেখ করেছেন। এর আগেও ২০২৩ ও ২০২০ সালে ওনাকে তলব করা হয়েছিল।

তবে এবার নতুন করে চাপের মুখে পড়ল রিলায়েন্স গ্রুপ। তদন্তকারীরা এই মামলাকে দেশের অন্যতম বড় ঋণ কেলেঙ্কারি হিসেবেই দেখছেন। তৃণমূল সাংসদ সাকেত গোখলে এই মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন। X হ্যান্ডলে তিনি এই ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই তথ্য থেকেই বোঝা যায়, ইডি-কে কী ভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন মোদী-শাহ।’