পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি বর্ষা মরশুমে অসমে দ্বিতীয় পর্যায়ের বন্যার তাণ্ডব শুরু হয়েছে। উজান ও নিম্ন অসমে একের পর এক গ্রাম জলমগ্ন হয়ে পড়ছে। ডিব্রুগড়ের আমলাপট্টির মোহনাঘাটে ব্রহ্মপুত্রের প্লাবনে ডুবে গেছে শতাধিক বাড়িঘর। ধলায় জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিন শতাধিক লোক জলবন্দি হয়ে পড়েছেন  ধুবড়িতে। গোলাঘাট জেলারও ৩৪টি গ্রামের ১৯ হাজারের বেশি মানুষ বন্যার কবলে।ডিব্রুগড়ের মোহনাঘাটে ব্রহ্মপুত্রের বন্যায় যাদের ঘর-বাড়ি জলমগ্ন তারা তীব্র খাদ্যাভাবে ধুঁকছে। সরকারি ত্রাণ সেখানে পৌঁছায়নি।
ঘরের মধ্যে বাঁশের মাচা করে দিন কাটাচ্ছেন তাঁরা। এক সপ্তাহ ধরে তারা এভাবেই দিন-রাত কাটাচ্ছেন। তিন সুকিয়া জেলার কোকলোনারি গ্রামের এক যুবক কলাগাছের ভেলা থেকে জলে পড়ে নিখোঁজ হয়েছেন। পাপু ওরাং নামে ২৬ বছরের ওই তরুণ ধানের বস্তা নিয়ে চাল কলে যাচ্ছিল।অন্যদিকে, প্রতিবেশী রাষ্ট্র ভুটান তাদের কুরিশ্বু বাঁধের জল ছেড়ে দেওয়ার ফলে অসমের নিম্নাঞ্চলে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। একইসঙ্গে ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলর জলস্তরও বেড়ে গেছে।